লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় স্লুইস গেট সংলগ্ন প্রধান সড়কে স্থানীয় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে স্লুইস গেটের অদক্ষ ব্যবস্থাপনা, খাল দখল এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে চরশাহী ইউনিয়নের বহু গ্রামে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে কয়েক দিনের টানা বৃষ্টিতেই কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কপথ পানিতে তলিয়ে যায়। এর ফলে ফসল নষ্ট, গবাদিপশুর ক্ষতি, রোগবালাই বৃদ্ধি এবং স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়ে।
বক্তারা আরও বলেন, টক্কারপুল থেকে রামপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বন্যা ও জলাবদ্ধতার কারণে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এতে করে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি তাৎক্ষণিক দাবির কথা তুলে ধরেন—
১. স্লুইস গেটের আধুনিকায়ন ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
২. দখলকৃত খাল উদ্ধারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা।
৩. ইউনিয়নের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা।
৪. টক্কারপুর-রামপুর সড়ক দ্রুত সংস্কার করা।
কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং কয়েকশত স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা সরকারের কাছে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সমস্যার স্থায়ী সমাধান না হলে কৃষি ও জনজীবন দুই-ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।”

