স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন লক্ষ্মীপুরের পরিকল্পনার অংশ হিসেবে সদর উপজেলাধীন চরশাহী ইউনিয়নে দীর্ঘদিন অচল অবস্থায় থাকা একটি স্লুইসগেট মেরামত করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানার নির্দেশে শনিবার এ মেরামতের কাজ সম্পন্ন হয়।
দীর্ঘদিন অচল থাকায় স্লুইসগেটটির পানির প্রবাহ বন্ধ ছিল। ফলে স্থানীয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের উৎপাদিত ফসল বিনষ্ট হওয়ার পাশাপাশি জনজীবনে নানান দুর্ভোগ দেখা দেয়। এ অবস্থায় প্রশাসনের উদ্যোগে স্লুইসগেট মেরামত হওয়ায় পানি চলাচল স্বাভাবিক হয়।
উক্ত কাজে সক্রিয়ভাবে ভূমিকা রাখায় চরশাহী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যগণ, স্থানীয় স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। স্থানীয়রা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ইউএনও জামশেদ আলম রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে স্থানীয়রা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ইউএনও জামশেদ আলম রানার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “দীর্ঘদিনের ভোগান্তি থেকে আমরা অবশেষে মুক্তি পেলাম। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু চরশাহী নয়, বর্ষা মৌসুমে জেলার অন্যান্য জলাবদ্ধ এলাকায়ও এ ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন রক্ষা এবং স্থানীয় জনগণের দুর্ভোগ কমানো সম্ভব হবে।

