লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামে একরাতে তিনটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল তিনটি বসতঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

হঠাৎ এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা অত্যন্ত সুসংগঠিতভাবে ঘটনার পরিকল্পনা করে এবং মুহূর্তের মধ্যে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির খবর পাওয়ার পরপরই চন্দ্রগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান। এসময় ডিবি পুলিশের একটি দলও সেখানে গিয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন।
ঘটনার পর স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে ডাকাতচক্রকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

